পাবনা প্রতিনিধি :
পাবনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে একটি প্রাইভেট ক্লিনিক সিলগালা করা হয়েছে। দুপুরে চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। অভিযানে উঠে আসে স্বাস্থ্যসেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে একাধিক অনিয়মের চিত্র, যা ভোক্তা নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
অভিযানের সময় শরৎগঞ্জ বাজারের মা ডায়াগনস্টিক সেন্টারে কোনো চিকিৎসক ও নার্স না থাকা, ব্যবহৃত রিএজেন্টের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং পরীক্ষাগারে অনুপযোগী যন্ত্রপাতি রাখার প্রমাণ পাওয়া যায়। এসব গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া মাওলানা ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। হাবিব টেলিকমকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে রাসেল টেলিকমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বাদশা ফল ভান্ডারে কেমিক্যাল মিশ্রিত ফল বিক্রি এবং বিক্রির রসিদ সংরক্ষণ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, যা ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের চলমান তৎপরতারই অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট শফিক আল কামাল, র্যাবের একটি চৌকস দল এবং ব্যাটালিয়নের সদস্যরা। অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

