বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে লন্ডন প্রবাসী সহোদর দুই ভাই শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন।
ক্যাম্পে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। পাশাপাশি গরু-ছাগলসহ গবাদিপশুর চিকিৎসা ও ভ্যাকসিন কার্যক্রমও পরিচালনা করা হয়।
প্রত্যন্ত চরাঞ্চল থেকে আসা অসংখ্য মানুষ বিনামূল্যে এসব সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”
আয়োজকদের মধ্যে অন্যতম লন্ডন প্রবাসী সাঈদ হাসান দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগে তিনি অসচ্ছল অটোচালক আকালু মিয়াকে একটি নতুন অটোরিকশা কিনে দেন। এছাড়াও বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় সহায়তা এবং ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনার মাধ্যমে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান, আলহাজ্ব আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

