নীলফামারীর ডিমলায় বাড়ির পাশে পুকুরে পড়ে হুজাইফা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হুজাইফা ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস