মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলায় চোরাচালান মামলার প্রধান সন্দেহভাজন মো. শরিফ সেরাং (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ মে ২০২৬) উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে শরিফ সেরাং-এর বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
এর আগে গত ২৬ মার্চ ২০২৬, বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী বাজার ঘাট সংলগ্ন খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে একটি চক্র সীমান্তবর্তী দেশ মিয়ানমারে পণ্য পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় মো. হান্নান (৪০) নামে একজনকে আটক করা হলেও শাহাবুদ্দিন (৬০)সহ আরও ৭–৮ জন সদস্য পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফিশিং বোট তল্লাশি করে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৬ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনচালিত একটি ফিশিং বোট (আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা), ৪ হাজার ৩২০ বোতল কোমল পানীয়, ৪০ কেজি চাল এবং ১ হাজার ৬০০ লিটার ডিজেল। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলাটির তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. ইব্রাহিম হোসেন নয়নের তৎপরতা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। তথ্য সংগ্রহ, আসামি শনাক্তকরণ এবং দ্রুত গ্রেপ্তারে তার পেশাদারিত্বের প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, সীমিত তথ্য নিয়েও ধৈর্য ও কৌশলের সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ফলে মামলাটিতে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। স্থানীয়দের মধ্যেও তার কার্যক্রম নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এসআই নয়ন বলেন, “মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে। চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী—কাউকে ছাড় দেওয়া হবে না।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যকর ও দায়িত্বশীল তদন্ত ভবিষ্যতে চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

