ঝিনাইগাতীতে ইউপি সদস্যসহ ৪ মাদককারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক ইউপি সদস্যসহ ৪ জন মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে শীর্ষ মাদক কারবারি ফারুক আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ঝিনাইগাতী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ফারুক আহমেদ (৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল (২৪)। তিনি বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকায় বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডাকাবর গ্রামের মোজ্জাম্মেল হোসেনের ছেলে ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাচার করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় ৪টার দিকে এসআই শহিদুল্যার নেতৃত্বে ঝিনাইগাতী থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ফারুক আহমেদের বিরুদ্ধে থানায় প্রায় দুই ডজন মাদক মামলা রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here