মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মাসুদ সাঈদীর সাক্ষাৎ: পিরোজপুরে এলজিইডির স্থগিত প্রকল্পগুলো দ্রুত চালুর আশ্বাস

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর-১ আসনের (সদর, নাজিরপুর ও জিয়ানগর) জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বড় ধরনের সুখবর দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী। পিরোজপুর জেলাসহ বিশেষ করে নাজিরপুর উপজেলার স্থগিত হয়ে যাওয়া এলজিইডির সকল উন্নয়ন প্রকল্প পুনরায় চালু করার লক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাঁর কার্যালয়ে এক বিশেষ সাক্ষাৎ করেছেন।

সোমবার আলহাজ্ব মাসুদ সাঈদী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে পিরোজপুরের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এই সমস্যা নিরসনে তিনি লিখিত আবেদন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান। প্রধানমন্ত্রী তাকে ১০ মিনিট সময় দেন এবং পিরোজপুরের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন প্রকল্পের স্থবিরতা নিয়ে তাঁর কথাগুলো অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাসুদ সাঈদী জানান, “সবচেয়ে আশার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আমার কথাগুলো শুনে চলতি সপ্তাহেই স্থানীয় সরকার মন্ত্রী, এলজিইডির প্রধান প্রকৌশলীসহ পিরোজপুর ১, ২ ও ৩ আসনের তিনজন সংসদ সদস্যের সাথে বসার সময় দিয়েছেন। এই বৈঠকেই স্থগিত হওয়া সকল প্রকল্প পুনরায় চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষ করে নাজিরপুর উপজেলার রাস্তাঘাটের চরম বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নাজিরপুরের মানুষের কষ্ট অবর্ণনীয়। সেখানে মানুষের হেঁটে চলাও এখন কঠিন হয়ে পড়েছে। ইনশাআল্লাহ, আমরা দ্রুতই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তাঘাটের পুনঃনির্মাণ কাজ শুরু করব।

নিজের নির্বাচনী এলাকার জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাসুদ সাঈদী সকলের কাছে দোয়া চেয়েছেন। সংসদ সদস্যের এই উদ্যোগের ফলে পিরোজপুর ও নাজিরপুরের সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here