নাটোর প্রতিনিধি :
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে নির্বাচনী শোডাউন করে ব্যাপক সমালোচনার মুখে পড়া নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামানিককে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সেই উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেলে মাসুদ রানা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়ির একটি বহর নিয়ে গুরুদাসপুর উপজেলায় শোডাউন করেন। দেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও সরকারের সাশ্রয়ী নীতির বিপরীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল পুড়িয়ে এমন শোডাউনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এই ঘটনার পরদিন সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুদ রানার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।
এই বাংলা/এমএস
টপিক

