
নকলা (শেরপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নকলার মেয়ে পারভেছুন নাহার নিপু। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেরপুর জেলাকে আধুনিক ও দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
পারভেছুন নাহার নিপু বলেন, শেরপুর দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া একটি জেলা। তিনি বলেন, “একটি পরিবার বা সমাজ এককভাবে উন্নত হতে পারে, কিন্তু জনপ্রতিনিধি হলে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ তৈরি হয়। তখন সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হয়। আমি চাই শেরপুরকে এমন একটি মডেল জেলায় পরিণত করতে, যেখান থেকে দেশের মানুষ এবং বিদেশিরাও উন্নয়নের দৃষ্টান্ত দেখতে ও শিখতে পারবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, “শেরপুরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই আমি সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার প্রত্যাশা করছি। দলের পক্ষ থেকে সুযোগ পেলে নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করবো।”
দলীয় নেতাকর্মীদের মতে, পারভেছুন নাহার নিপু দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে শেরপুরের নারীদের ক্ষমতায়ন এবং জেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
