বিশেষ প্রতিনিধি :
জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করার অভিযোগে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত ১টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন তাহমিনা আক্তার তানিয়া (৩৫)। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়ার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মূলত স্বামীর মাদকাসক্তিকে কেন্দ্র করেই তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। এ কারণে তানিয়া অধিকাংশ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন।
নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, প্রায় ১৫ বছর আগে তানিয়ার সঙ্গে হোসেন তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার ভালোভাবে চললেও পরে স্বামীর মাদকাসক্তির কারণে সংসারে অশান্তি শুরু হয়। বিষয়টি নিয়ে বহুবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে হোসেন তাইফুর ধারালো অস্ত্রসহ বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ বিছানায় রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
ঘটনার সময় ঘর থেকে ধোঁয়া ও আগুনের আভাস পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত হোসেন তাইফুরকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

