ডোমার ডিমলার এমপির নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু

0
42
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মাওলানা আব্দুস সাত্তারের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে এমপি হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীসেবা, ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেন ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা তাঁর নজরে আসে।

এ অবস্থায় তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করেন। এসময় দলীয় কর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঝাড়ু ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে আগাছা পরিষ্কার, ড্রেন পরিস্কার, বর্জ্য অপসারণ এবং ওয়ার্ডসমূহ জীবাণুমুক্ত করার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, নীলফামারী সদর থানা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মামুনার রশিদ পাটোয়ারী, ডিমলা সদর ইউনিয়নের আমীর মাওলানা নুর মোবাশ্বেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, হাসপাতাল এমন একটি জায়গা যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় আসে। এখানে নোংরা পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে রোগ সংক্রমণও অনেকাংশে কমে যাবে।

তিনি হাসপাতালের নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া—এটি একদিনের কাজ নয়, বরং প্রতিদিনের দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন হাসপাতালের ভেতর ও বাহিরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা চালু রাখতে, রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, পানির লাইনের সমস্যা সমাধান এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নিতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এমপির এ উদ্যোগ হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। চিকিৎসক ও নার্সরাও নিয়মিত তদারকির মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here