নিজস্ব প্রতিবেদক :
নীলফামারী জেলার ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বন্যা নিয়ন্ত্রণ ডানতীর বাঁধ থেকে প্রায় ৩ লাখ টাকার গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম এসব গাছ কেটে নিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে সংশ্লিষ্ট দপ্তরের এসও (S.O.) মো. মাইদুল ইসলামকে মুঠোফোনে জানানো হয়। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ডালিয়া দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অমিতাপ চৌধুরীকেও অবহিত করা হলে তিনি লোক পাঠানোর আশ্বাস দেন।
তবে অভিযোগ রয়েছে, ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি আবারও এসও মো. মাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি বন বিভাগ নীলফামারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কিন্তু বন বিভাগ নীলফামারীর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তাদেরকে কেউ অবগত করেননি। তার দাবি, বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর নিজস্ব দায়িত্বের আওতাভুক্ত।
এ অবস্থায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে সরকারি সম্পদ রক্ষা করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এই বাংলা/এমএস
টপিক

