দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় নিহত হলেন ফায়ার ফাইটার

শেরপুর ফায়ার স্টেশনের সামনে গভীর রাতে দুর্ঘটনা

0
116
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত মো. আহসান হাবীব / ছবি - সংগৃহীত

স্টাফ রিপোর্টার :

 

বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের ধাক্কায় মো. আহসান হাবীব নামে এক ফায়ারফাইটার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে শেরপুর ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবীব শেরপুর ফায়ার স্টেশনে সেন্ট্রি ডিউটিতে ছিলেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর–এর একজন কর্মী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে একটি দুর্ঘটনার খবর পেয়ে স্টেশনে সতর্কসংকেত দেওয়া হয়। একটি ইউনিট বের করার প্রস্তুতির সময় আহসান হাবীব প্রধান ফটক খুলে দেন এবং রাস্তায় থাকা একটি ট্রাককে থামান, যাতে উদ্ধারকারী গাড়ি দ্রুত বের হতে পারে। ট্রাকটি থামার কিছুক্ষণের মধ্যেই পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ট্রাকটি স্টেশনের ভেতরে ঢুকে পড়ে এবং আহসান হাবীব ট্রাকের নিচে চাপা পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-২১৪৯ এবং বাসের নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আহসান হাবীব ২০২৩ সালের ১১ মে থেকে বগুড়ার শেরপুর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামে। তিনি সরকারি চাকরিতে যোগ দেন ২০০৫ সালের ১৪ নভেম্বর। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েটি বিশ্ববিদ্যালয়ে এবং ছেলে স্কুলে পড়াশোনা করছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজশাহী বিভাগের উপপরিচালকের নেতৃত্বে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে। পোস্টমর্টেম শেষে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here