
বরিশাল ব্যুরো :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বরিশালে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনীর এক লাখ সদস্য। পাশাপাশি পুলিশের এক লাখ ৫০ হাজার, আনসারের প্রায় ছয় লাখ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার, র্যাবের ১০ হাজার, কোস্ট গার্ডের পাঁচ হাজার এবং নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি জানান, নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায় এবার নতুন সংযোজন হিসেবে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা তরুণদের সম্পৃক্ততার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের বিশ্বাস, এসব প্রস্তুতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
এই বাংলা/এমএস
টপিক
