৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

0
134
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান / ফাইল ফুটেজ

বরিশাল ব্যুরো :


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তিনি বরিশাল সফরে আসবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে তারেক রহমানের সফরসূচি নির্ধারণকারী পক্ষ থেকে ফোনে জানানো হয়েছে যে, ৪ ফেব্রুয়ারির তারিখই চূড়ান্ত করা হয়েছে। ওইদিন তিনি যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অ্যাডভোকেট শিরিন বলেন, বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ বিভাগ ও মহানগরের আওতাধীন আটটি সাংগঠনিক জেলার নেতাকর্মীদের বিষয়টি জানানো হয়েছে। সফরকে সফল করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান। এর আগে গত ২৬ জানুয়ারি তার বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে সেটিও পরিবর্তন করে সর্বশেষ ৪ ফেব্রুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়।

২০০৬ সালে সর্বশেষ বরিশাল সফর করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। এবার বিএনপির চেয়ারম্যান হিসেবে তার এই সফরকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here