কুড়িগ্রাম-৪: ‘বালতি’ প্রার্থীর জোকার প্রচারণা ভোটারদের মন জয় করছে

0
176
কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ রুকুনুজ্জামান তার নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী কৌশল নিয়েছেন। প্রার্থীর প্রতীক ‘বালতি’-এর পক্ষে ভোট আকর্ষণের জন্য মাঠে নামানো হয়েছে রঙিন পোশাক পরা ‘জোকার’, যা ভোটারদের মধ্যে আনন্দ ও কৌতূহল সৃষ্টি করছে।

হাটবাজার, মোড় ও জনসমাগম এলাকায় গান, নৃত্য ও বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমে জোকার সরাসরি মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। প্রার্থীর এই অভিনব প্রচারণা শিশু থেকে বৃদ্ধ সকলের মধ্যে সাড়া ফেলেছে।

মোঃ রুকুনুজ্জামান বলেন, “রাজনীতি মানুষের কাছে বিরক্তিকর নয়, বরং আনন্দ ও বিশ্বাসের জায়গা হওয়া উচিত। হাসি ও বিনোদনের মাধ্যমে মানুষ রাজনৈতিক কর্মকাণ্ডে আরও আগ্রহী হয়।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোটাররাও এই প্রচারণা খুশি মনে গ্রহণ করেছেন। চিলমারীর গৃহবধূ শাপলা বেগম বলেন, “পোস্টার বা ব্যানারের চেয়ে এই জোকার দেখলে শিশু ও বয়স্ক সবাই উপভোগ করে।” তরুণ ভোটার রাশেদ মিয়া বলেন, “এই ভিন্নধর্মী প্রচারণার মাধ্যমে প্রার্থীর নাম ও প্রতীক মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে।”

রাজনৈতিক বিশ্লেষক নাহিদ হাসান মন্তব্য করেন, “বিনোদনের সঙ্গে প্রার্থীর জনসম্পৃক্ততা ভোটে প্রভাব ফেলবে। গ্রামীণ জনপদে এটি বার্তা পৌঁছানোর কার্যকর মাধ্যম।”

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা ‘বালতি’ প্রতীকের পক্ষে যাবে, তা এখন ভোটারদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here