বরিশাল ব্যুরো :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী আব্দুল কুদ্দুস মোল্লা ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
আজ শুক্রবার দিনব্যাপী তিনি বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সমস্যা, দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গণসংযোগকালে মুফতী আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, তিনি রাজনীতি করছেন মানুষের সেবার লক্ষ্য নিয়ে। ক্ষমতার লোভ নয়, জনকল্যাণই তার রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন ও অবকাঠামো খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামি মূল্যবোধসম্পন্ন রাজনীতির প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে ভোটারদের তার নির্বাচনী প্রতীক ‘হেরিকেন’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগে তার সঙ্গে বাংলাদেশ মুসলিম লীগের নেতাকর্মী, স্থানীয় সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
এই বাংলা/এমএস
টপিক

