বরিশাল ব্যুরো :
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ করা কোনো অপরাধ নয় এবং যারা কোনো অপরাধে জড়িত নন, মামলা নেই—তাদের জানমাল ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো নাগরিকের নাগরিকত্ব বাতিল করেনি। তাই যারা অপরাধ করেনি বা অন্যায় কাজে যুক্ত হয়নি, তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাদের ভোট দেবেন—এমন প্রশ্নে তিনি বলেন, যারা জানমাল, ইজ্জত ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, মানুষ স্বাভাবিকভাবেই তাদেরকেই ভোট দেবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, জামায়াতের আমিরের প্রতি সম্মান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আসনে প্রার্থী দেয়নি। অপরদিকে জামায়াতও ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রতি সম্মান দেখিয়ে তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। এজন্য তিনি জামায়াতকে কৃতজ্ঞতা জানান।
নতুন কোনো রাজনৈতিক জোটের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত নতুন করে কোনো জোটের সুযোগ নেই। তবে ভবিষ্যতে কেউ ইসলামী শরিয়াহভিত্তিক আইন প্রণয়নের উদ্যোগ নিলে সে ক্ষেত্রে জোট হতে পারে। ইসলামের পক্ষে একটি শক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থী বা নেতাকর্মীকে হয়রানি করা হলে তা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকতে হবে।
এই বাংলা/এমএস
টপিক

