বরিশাল-৫ আসনে দ্বিমুখী লড়াই, জামায়াত প্রার্থীর প্রত্যাহারে মুখোমুখি ধানের শীষ ও হাতপাখা

0
162
বরিশাল-৫: জামায়াত সরে দাঁড়ানোয় মুখোমুখি ধানের শীষ ও হাতপাখা / ছবি - এই বাংলা

বরিশাল বুরো :

বরিশাল-৫ (নগর ও সদর) সংসদীয় আসনের নির্বাচনী মাঠে বড় ধরনের পরিবর্তন এসেছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল তার প্রার্থিতা প্রত্যাহার করায় এই আসনে নির্বাচন এখন সরাসরি দ্বিমুখী লড়াইয়ে রূপ নিয়েছে। ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন অ্যাডভোকেট হেলাল। পরে সাংবাদিকদের তিনি জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

অ্যাডভোকেট হেলাল বলেন, “চরমোনাইয়ের প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে আমি বরিশাল-৫ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। সবাই যেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিয়ে বিজয়ী করেন—এই আহ্বান জানাচ্ছি।”

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের এই অবস্থানকে স্বাগত জানালেও বিএনপি বলছে, এতে তাদের ভোটব্যাংকে কোনো প্রভাব পড়বে না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, “আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন—এটাই রাজনীতির সৌন্দর্য। ভবিষ্যতে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই। তবে জনগণের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”

অন্যদিকে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নগর বিএনপির সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, “প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। আমাদের প্রার্থী যে কাউকে মোকাবিলা করতে প্রস্তুত। জামায়াতের সিদ্ধান্তে বিএনপি চিন্তিত নয়। এই আসনে মানুষ বারবার বিএনপিকে ভোট দিয়েছে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সহকারী সেক্রেটারি ও মিডিয়া কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন নাইস বলেন, “জামায়াতের এই সিদ্ধান্ত হাতপাখার বিজয়কে আরও সহজ করবে। জনগণ নতুন রাজনীতি চায়, চাঁদাবাজদের আর দেখতে চায় না।”

নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, “মনোনয়ন প্রত্যাহার জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্ত। জনগণ তা বিবেচনা করবে। তবে আমরা বিশ্বাস করি, ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।”

উল্লেখ্য, বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একাধিকবার এই আসন থেকে নির্বাচন করেছেন। সর্বশেষ সিটি নির্বাচনে হামলার শিকার হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। চরমোনাই পীরের আপন ভাই ও ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা হওয়ায় বরিশাল-৫ আসনটিকে দলটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।

সব মিলিয়ে, জামায়াত প্রার্থীর প্রত্যাহারের মধ্য দিয়ে বরিশাল-৫ আসনের নির্বাচনী লড়াই এখন স্পষ্টভাবে সীমাবদ্ধ হয়ে গেছে দুই প্রতীকে—ধানের শীষ ও হাতপাখা। এখন নগরবাসীর রায়ই নির্ধারণ করবে শেষ ফলাফল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here