সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশ, প্রশাসনের ব্যাপক সচেতনতা কার্যক্রম

0
179
গনভোট / প্রতিকী ছবি

পিরোজপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে সামনে রেখে পিরোজপুর জেলায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আগ্রহ থাকলেও গণভোট বিষয়টি নতুন হওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ সচেতনতামূলক ও প্রচারণামূলক উদ্যোগ।

পিরোজপুরের বিভিন্ন ইউনিয়ন ও মফস্বল এলাকা ঘুরে দেখা গেছে, সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও অনেকের কাছে গণভোটের বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এ কারণে সাধারণ মানুষ যেন এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সচেতনভাবে অংশ নিতে পারে, সেজন্য জেলা জুড়ে সরকারি দপ্তরগুলোর মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রাম পর্যায়ে পথসভা ও উঠান বৈঠকের আয়োজন করছেন। এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশাসনের প্রচারণায় জানানো হচ্ছে, গণভোট হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের একটি গণতান্ত্রিক পদ্ধতি। এর মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বাড়ে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটে। গণভোটের সফল বাস্তবায়ন বৈষম্যহীন সমাজ গঠন এবং নাগরিক অধিকার সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে বলেও উল্লেখ করা হচ্ছে।

পিরোজপুরের ভোটাররা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, গণভোটের মাধ্যমে সরকারের জবাবদিহিতা বাড়ে এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা সহজ হয়। বিশেষ করে শ্রমজীবী ও সাধারণ মানুষ মনে করছেন, সরাসরি মত প্রকাশের এই সুযোগ তাদের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন ও গণভোট ঘিরে পিরোজপুরে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ বজায় রয়েছে। কোনো ধরনের বিভ্রান্তি রোধ এবং প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র ও প্রচারণা সেল গঠন করা হয়েছে।

সব মিলিয়ে, একটি সুখী, সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যাশায় পিরোজপুরবাসী এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটের গুরুত্বপূর্ণ মুহূর্তের অপেক্ষায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here