
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মোছাঃ মুক্তা খাতুন (৬) নামে প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধু মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা ছনবান্দা এলাকার মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা বাবুর মেয়ে। সে কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং তার জমজ বোন মনির সঙ্গে একই বিদ্যালয়ে পড়াশোনা করত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটি শেষে মুক্তা তার জমজ বোনের সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাধু মোড় এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মুক্তা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান।
পরে বিকেলে তার অবস্থার অবনতি হলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক
