কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন আন্দোলনকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পুলিশ আটক করেছে। তাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে এ আটক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় জুলাই যোদ্ধা, সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সাহসিকতার সঙ্গে আন্দোলনের সম্মুখভাগে থেকে ভূমিকা রাখেন। এমন একজন পরিচিত আন্দোলন সংগঠককে হঠাৎ রাজনৈতিক ট্যাগ দিয়ে আটক করার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। তাদের ভাষ্য, শাহজালাল হোসেন সৌরভ কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত নন। তাকে ভিন্ন পরিচয়ে চিহ্নিত করা ষড়যন্ত্রমূলক এবং এটি চলমান ছাত্র আন্দোলনের নেতৃত্বকে দমনের অপচেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় যোদ্ধাকে মিথ্যা পরিচয়ে আটক করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুপুর ১২টার মধ্যে সৌরভকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে জেলাজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, যথাযথ যাচাই ছাড়াই রাজনৈতিক পরিচয় চাপিয়ে কাউকে আটক করা হলে তা জনমনে বিভ্রান্তি তৈরি করে এবং ন্যায়বিচারের ওপর আঘাত হানে। তারা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ প্রমাণিত হলে অবিলম্বে সৌরভের মুক্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস
টপিক

