ডিমলায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ

0
388
হামলা / প্রতিকী ছবি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে দুইজন সাংবাদিকের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে সংবাদ সংগ্রহের সময় দৈনিক কালবেলা পত্রিকার ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার সহ-সভাপতি কামরুজ্জামান মৃধা (জামান) এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডিমলা প্রতিনিধি ও প্রেসক্লাব ডিমলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান ইসলাম পরিকল্পিতভাবে হামলার শিকার হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের সময় একটি কুচক্রী মহল সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় তাদের ওপর হামলা চালায়। এই হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দিতেই প্রভাবশালী মহলের ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় আহত দুই সাংবাদিককে দ্রুত উদ্ধার করে ডিমলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ডিমলা থানা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ এবং হামলাকারীদের বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here