যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় উড্ডয়নের ঠিক আগে ঢাকা-জেদ্দা রুটের একটি ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, উড্ডয়নের আগে ককপিটে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। সঙ্গে সঙ্গে পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।
এতে রানওয়ে ও বিমানের চাকার অতিরিক্ত ঘর্ষণের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে বিমানের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে দাবি করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিমানটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে আনা হয়। সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে তাদের আরেকটি উড়োজাহাজে ওই ফ্লাইটের যাত্রীদের জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
এই বাংলা/এমএস