সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নিতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
তিনি বলেন, সমুদ্রসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনী বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। সমুদ্রসীমা রক্ষার মাধ্যমে দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখার পাশাপাশি দেশের যেকোনো প্রয়োজনে জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতেও নৌবাহিনীর ভূমিকা প্রশংসিত হচ্ছে।
রোববার দুপুর ১২টায় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪৬৭ জন নবীন নাবিকের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২২ সপ্তাহের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে নবীন নাবিকেরা এ কুচকাওয়াজে অংশ নেন।
নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে নৌবাহিনী প্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় নবীন নাবিকেরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ নেন।
পরে পেশাগতসহ সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় সেরা চৌকস নাবিক হিসেবে মো. সেজান মাহমুদকে ‘নৌপ্রধান পদক’, দ্বিতীয় স্থান অর্জন করায় মো. মুজাহিদুল ইসলামকে ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জন করায় মো. শাকিল হাসানকে ‘শের-ই-বাংলা পদক’ প্রদান করেন নৌবাহিনী প্রধান। তাঁদের হাতে ক্রেস্টও তুলে দেন তিনি।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস