পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক, কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন এবং ঈশ্বরদী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেল্লাল হোসেন।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর বৃত্তি পরীক্ষায় ভালো ফল করে প্রতিষ্ঠানের সুনাম বাড়াচ্ছে। এ সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। বিদায়ী শিক্ষার্থীরাও মাধ্যমিক স্তরে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া বিদায়ী ১২৭ শিক্ষার্থীর জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস