রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

থানা হেফাজতে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, পুলিশের বাধা ও সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে থানা হেফাজতে আনু মিয়াকে নির্যাতনের অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় ওসির নির্দেশে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। পরে উপস্থিত সাংবাদিকদের প্রতিবাদের মুখে ফোনটি ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে অষ্টগ্রামের আলমদীঘিরপাড় এলাকার বাসিন্দারা উপজেলা পরিষদের পুরোনো টিএনও কার্যালয়ের সামনে মানববন্ধনের জন্য জড়ো হন। তবে কর্মসূচি শুরুর আগেই অষ্টগ্রাম থানা পুলিশের একটি গাড়ি উপজেলা পরিষদের ফটকে এসে অবস্থান নেয়।

এ সময় এসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে মানববন্ধন করতে নিষেধ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সেখানে লোকজন জড়ো হতে পারবেন না এবং একসঙ্গে পাঁচজনের বেশি অবস্থান করতে পারবেন না। তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

পুলিশের এমন বক্তব্যের পর সাংবাদিক আল-আমিন মুঠোফোনে সহকারী পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে পরে খোঁজ নেওয়ার আশ্বাস দেন।

একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে এলাকাবাসী আহত আনু মিয়াকে কোলে করে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেখানে পৌঁছানোর পরপরই ওসি রোকনুজ্জামানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য উপস্থিত হন।

অভিযোগ অনুযায়ী, এ সময় ওসি রোকনুজ্জামান এসআই মোজাম্মেলকে সাংবাদিক এ আর সুমনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে এসআই মোজাম্মেল তাঁর ফোনটি নিয়ে নেন। উপস্থিত সাংবাদিকেরা প্রতিবাদ জানালে একপর্যায়ে সেটি ফেরত দেওয়া হয়।

এদিকে মানববন্ধনে অংশ নিতে আসা এলাকাবাসীকে উদ্দেশ করে ওসি রোকনুজ্জামান বলেন, ‘আপনারা এক মিনিটের মধ্যে উপজেলা পরিষদ থেকে চলে যান, অন্যথায় আমরা লাঠিচার্জ করতে বাধ্য হব।’

ওসির এমন বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা পুলিশের এ আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।

এলাকাবাসীর অভিযোগ, আনু মিয়াকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে তাঁরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে এসেছিলেন। তাঁদের ভাষ্য, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে নাগরিক অধিকার প্রয়োগের অংশ হিসেবেই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ তাঁদের সেই কর্মসূচিতে বাধা দিয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে মানববন্ধনে বাধা, লাঠিচার্জের হুমকি এবং সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ওসি রোকনুজ্জামান, এসআই মোজাম্মেল ও এসআই সাইফুলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এলাকাবাসী ও সাংবাদিকদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে মানববন্ধনে বাধা দেওয়া এবং সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর