রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বেতাগীতে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বেতাগীতে বিএনপির বিক্ষোভ মিছিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের ঘোষিত ২৯ ও ৩০ নভেম্বরের হরতাল কর্মসূচি এবং জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির। এ সময় নির্বাচন কমিটির সদস্যসচিব মো. নুরুল ইসলাম পান্নাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মো. শাহজাহান কবির বলেন, আওয়ামী লীগের ডাকা হরতাল এ দেশের সাধারণ মানুষ মানে না। তাদের জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড জনগণ ঘৃণার চোখে দেখে এবং প্রত্যাখ্যান করছে। দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, কোনো ধরনের নাশকতা বা সহিংসতা চায় না।

তিনি আরও বলেন, হরতালের নামে জনজীবন বিপর্যস্ত করা এবং সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা হরতাল ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বেতাগীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর