রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে লিজ নেওয়া পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। মাছ নিধনের ঘটনা জানাজানি হওয়ার পর পুকুরে বিষ প্রয়োগের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন এক মাছচাষি।
এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বেলপুকুর থানায় কাপাসিয়া কাজীপাড়া গ্রামের নূরবক্তসহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাছচাষি মো. পিয়ারুল।
অভিযুক্ত নূরবক্ত ওই গ্রামের মৃত জরিপ মণ্ডলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. পিয়ারুল দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। পুকুরটি লিজ নেওয়ার পর থেকেই অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি দেখানো ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পিয়ারুল কাজীপাড়া গ্রামের লিজ নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যান। এ সময় পুকুরের উত্তর পাশে পূর্ব-পশ্চিম অংশে অভিযুক্ত নূরবক্তকে দেখতে পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পিয়ারুলের ডাক শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পুকুরে অভিযুক্তদের অবস্থানের বিষয়টি জানতে পারেন তিনি।
এর আগে গত ২২ নভেম্বর পিয়ারুল ও তাঁর বাবা পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখতে পান, পুকুরের জাল কেটে দেওয়া হয়েছে। এতে অনেক পোনা মাছ জালে আটকে মারা যায়। ভুক্তভোগীর ধারণা, পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা বিভিন্নভাবে তাঁর লিজ নেওয়া পুকুরের মাছ নিধন করেছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে, পুকুরের মাছ নিধনের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত মাছচাষিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই বাংলা/এমএস