মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাপন পাল (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যান বলে দাবি স্থানীয়দের।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক পাপন পাল প্রণব পালের ছেলে। তাঁর বাড়ি উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট গ্রামে। তিনি ওই ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের দাবি, রাতে শমশেরনগর এলাকায় চারজনের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যান। এ সময় পাপন পালকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের আরও দাবি, পাপনের মোবাইল ফোনে থাকা একটি মেসেঞ্জার গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
শমশেরনগরের স্থানীয় সমাজসেবক আহমেদুর রহমান খোকন বলেন, শমশেরনগর পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে আগুন দেওয়ার উদ্দেশ্যে ওই চারজন সেখানে এসেছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় তিনজন পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বেলাল আহমদের নির্দেশে পাপন পাল সেখানে এসেছিলেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম রোববার (২৯ নভেম্বর) জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তবে নাশকতার পরিকল্পনা, মোবাইল ফোনে পাওয়া তথ্য এবং অন্যদের সম্পৃক্ততার বিষয়গুলো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এই বাংলা/এমএস