গাজীপুরে যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে অপহরণের পর গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) পিবিআই গাজীপুর জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নিহত অটোরিকশাচালকের নাম জাহিদ রহমান (২০)। তিনি গাজীপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা। পিবিআইয়ের তথ্য অনুযায়ী, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমতাজ আলী ইমন (২৫), মো. হাবিবুর রহমান (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)। তাঁরা গাজীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ নভেম্বর রাতে জাহিদ রহমান অটোরিকশা নিয়ে গাজীপুরের কাপাসিয়া থানাধীন এলাকা থেকে যাত্রী নিয়ে লতিফপুর-গোসিংগার দিকে রওনা হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুর থানাধীন সাতখামার পশ্চিমপাড়ার বন বিভাগের গজারি বাগানের জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর হাত-পা, মুখ ও গলা রশি দিয়ে বাঁধা ছিল।
এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন হলে ২৮ নভেম্বর গাজীপুর জেলা পুলিশ সুপার মো. রকিবুল আক্তারের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন পিবিআই গাজীপুরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফিরোজ উদ্দিন।
তদন্তে পিবিআই জানতে পারে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে গ্রেপ্তার ব্যক্তিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী চালক জাহিদ রহমানকে লক্ষ্যবস্তু করেন। তাঁকে অপহরণ করে গজারি বনের নির্জন স্থানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা। পরবর্তী সময়ে অটোরিকশার বিভিন্ন অংশ বিক্রির জন্য নিজেদের মধ্যে যোগাযোগ করেন আসামিরা।
পিবিআই জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ ও নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একজন চালককে হত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও পরিকল্পিত। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পিবিআই কাজ করছে।
এই বাংলা/এমএস