রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান আটক, উদ্ধার অস্ত্র ও জিম্মি জেলে

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এর আগে দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সুন্দরবনের সক্রিয় আসাবুর বাহিনী খুলনার দাকোপ থানার শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক জেলেকে জিম্মি করে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা ওই এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় দস্যুদের ব্যবহৃত একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর রাত ১টার দিকে খুলনার দাকোপ থানার মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়।

আটকের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আসাবুর সানাকে এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। তবে পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে দস্যুতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। আটক আসাবুর সানা খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

পৃথক অভিযানে ডাকাতদের রসদসহ নৌকা জব্দ

এদিকে সুন্দরবনের আরেকটি এলাকায় পৃথক অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। গত ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালান কোস্ট গার্ড স্টেশন দোবেকির সদস্যরা।

এ সময় নৌকাটি থেকে ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন রসদ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট দস্যুদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক আসামি, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবনের জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর