শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে তরুণদের সচেতনতায় কুইজ, বিজয়ী পাঁচজনের নাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের সচেতনতা বাড়াতে আয়োজিত বিইডিসি অ্যালায়েন্স কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর সেরা পাঁচ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তসলিমা খাতুন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মোছা. শাকিলা জাহান দীপ্তি। দ্বিতীয় হয়েছেন বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী মো. রাফিউল ইসলাম রিশান। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী মো. শামীম প্রামাণিকী।

চতুর্থ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইমুনা মাহমুদ সুরভী এবং পঞ্চম স্থান অর্জন করেছেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।

জলবায়ু সংকট মোকাবিলায় জ্ঞানই তরুণদের শক্তি

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু মেধা যাচাই বা বিজয়ী নির্বাচন নয়; বরং জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৈশ্বিক উষ্ণতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের জ্ঞান ও সচেতনতা বাড়ানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. তসলিমা খাতুন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য কঠিন বাস্তবতা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার প্রভাবে মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। কৃষক হারাচ্ছেন ফসল, জেলেরা পড়ছেন জীবিকার অনিশ্চয়তায়, অনেক পরিবার হারাচ্ছে বসতভিটা। এ পরিস্থিতিতে নতুন প্রজন্মকে সচেতন করা সময়ের অন্যতম দাবি।

আগামীর পৃথিবী রক্ষায় তরুণদের ভূমিকা

আয়োজকদের ভাষ্য, একটি কুইজ প্রতিযোগিতা একদিনে জলবায়ু সংকটের সমাধান করতে না পারলেও একটি প্রশ্ন নতুন চিন্তার জন্ম দিতে পারে, একটি উত্তর তৈরি করতে পারে নতুন উপলব্ধি। আর সেই উপলব্ধি থেকেই গড়ে উঠতে পারে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল প্রজন্ম।

বিজয়ী পাঁচজনকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তাঁদের মতে, বিজয়ী হওয়াই একমাত্র সাফল্য নয়; পরিবেশ ও পৃথিবী সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অংশগ্রহণ করাও ইতিবাচক অর্জন।

বিইডিসি অ্যালায়েন্সের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে জলবায়ু শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে আগ্রহ বাড়াবে। পাশাপাশি বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশবান্ধব জীবনযাপনে তরুণরা ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, পৃথিবীকে নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। তরুণদের সচেতনতা, জ্ঞান ও উদ্যোগই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর