বন্যা ও নদীভাঙনে ফসলহানি, বসতভিটা হারানো এবং জীবিকার অনিশ্চয়তা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। এমন প্রতিকূল পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ খুঁজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চরাঞ্চলের বাসিন্দারা। পশুপালন, সবজি চাষ ও জৈবসার উৎপাদনের মতো উদ্যোগে বদলাচ্ছে তাঁদের জীবনযাত্রা। বাড়ছে পারিবারিক আয়, তৈরি হচ্ছে সঞ্চয়ের সুযোগ।
নদ-নদীবেষ্টিত কুড়িগ্রাম জেলায় সাড়ে চার শতাধিক চর রয়েছে। এসব চরের কৃষিনির্ভর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ।
সংস্থাটির ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের আওতায় ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় চলতি বছর কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলার ২৮টি চরের ৮৪০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর অববাহিকায় অবস্থিত মণ্ডলপাড়া গ্রামে সরেজমিনে দেখা যায়, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীরা এসব উদ্যোগের মাধ্যমে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন।
গ্রামের বাসিন্দা মোছা. ঝর্না বেগম জানান, প্রকল্পের আওতায় তিনি একটি ভেড়া পেয়েছিলেন। সেই ভেড়া থেকে চারটি বাচ্চা হয়েছে। বর্তমানে তাঁর মোট পাঁচটি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
একই গ্রামের মোছা. নূরজাহান বেগম বলেন, শাকসবজি উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে তিনি বাড়ির আঙিনায় সবজি চাষ করছেন। চলতি বছর প্রায় ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীলতাও কমেছে।
কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা চরাঞ্চলের পরিবারগুলোর জন্য ভেড়া-ছাগল পালন, সবজি চাষ ও জৈবসার উৎপাদনের মতো উদ্যোগ শুধু আয়ের সুযোগ তৈরি করছে না; বরং খাদ্যনিরাপত্তা, সঞ্চয় এবং বিকল্প জীবিকার পথও প্রসারিত করছে।
এই বাংলা/এমএস