শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জেলেপল্লির শিশুদের জন্য স্কুল ও শিক্ষাবৃত্তির উদ্যোগ চট্টগ্রাম জেলা প্রশাসকের

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লির শিশুদের পুষ্টি, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিশুদের হাতে দুধ, ডিম ও চকলেট তুলে দেওয়ার পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, ক্রীড়াসামগ্রী বিতরণ এবং এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘এই শিশুরাই একদিন জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে—এটাই আমাদের প্রত্যাশা।’

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন। এ ছাড়া স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা প্রযুক্তির কাছে পরাজিত হতে চাই না। প্রযুক্তিকে আয়ত্ত করতে হলে এর ব্যবহার জানতে হবে। আমরা যদি প্রযুক্তির ব্যবহার না জানি, তাহলে প্রযুক্তিই আমাদের ব্যবহার করবে।’

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে জেলে সম্প্রদায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে উল্লেখ করে তিনি বলেন, এতে তাঁদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে। এ জন্য জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা জরুরি।

জেলে পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু বিদ্যালয় প্রতিষ্ঠা করলেই কিংবা সুন্দর সুন্দর বেঞ্চ বসালেই আমাদের উদ্দেশ্য সফল হবে না। অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। আমরা চাই, প্রতিটি শিশু শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠুক।’

শিশুদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আদর, ভালোবাসা ও আনন্দদায়ক পরিবেশে পাঠদানের মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়াসামগ্রী দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, সুস্থ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগও নিশ্চিত করা প্রয়োজন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী এমন একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলতে চান, যেখানে সব জনগোষ্ঠী সমানভাবে এগিয়ে যাবে। কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব উল্লেখ করে তিনি ভারতের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বি আর আম্বেদকরের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন নিজের জীবনের পরিবর্তন ঘটাবে, এলাকার মানুষের জীবনের পরিবর্তন ঘটাবে এবং দেশের পরিবর্তন ঘটাবে।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো সরকারি কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব। দায়িত্বপ্রাপ্ত খাতের উন্নয়ন ঘটাতে না পারলে চাকরিজীবনের সার্থকতা থাকে না।

এ সময় জেলে সম্প্রদায়ের সদস্যদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সহযোগিতার জন্য স্বপ্ন ফাউন্ডেশন এবং জেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর