রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৯ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের বাহির কামতা গ্রামে এ ঘটনা ঘটে।

মতিউর রহমানের বাবা আব্দুল জলিল ওই সময় জেগে ছিলেন। তিনি আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘরের শোয়ার কক্ষে রাখা ধানে আগুন লাগে।

খবর পেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ বলেন, “একজন রাজনৈতিক নেতার বাড়িতে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কারও বাড়িতে আগুন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর