পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ বিরুদ্ধে সমাবেশ ও মিছিলের কর্মসূচি নিয়ে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।
এরশাদ উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ যাতে নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো অপতৎপরতার তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। প্রতিটি ওয়ার্ড ও থানায় সমাবেশ ও মিছিলের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করার কথাও জানান তিনি।
সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা আবু সুফিয়ান বলেন, নাশকতার চেষ্টা হলে তা প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিকভাবে ভূমিকা রাখতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আবু সুফিয়ান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানির মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা হলে জনগণকে সচেতন করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিটি থানা ও ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় করে সমাবেশ ও মিছিলের কর্মসূচি বাস্তবায়নের কথা বলেন।
সভায় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে মাঠপর্যায়ে সক্রিয় থাকার বিষয়ে আলোচনা হয়।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মুবিনসহ নেতারা বক্তব্য দেন।
সভায় মহানগর বিএনপির নেতাদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস