রাঙামাটির বাঘাইছড়িতে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার চৌমুহনী কলেজ রোডের বায়তুশ শরফ মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘাইছড়ির মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে রিপোর্টার্স ইউনিটি ভূমিকা রাখতে পারে। নতুন কার্যালয়টি সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পেশাগত কার্যক্রমে সহায়ক হবে।
তারা আরও বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নেও সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
এ ছাড়া বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হাসান আলী অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও পেশাদার, গতিশীল ও দায়িত্বশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বাঘাইছড়িতে সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনস্বার্থে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস