ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের আর্থিক সহায়তা দিল জেলা পরিষদ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবার এবং অসুস্থ কয়েকজন ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
রোববার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সংকর স্টোরের মালিকের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। একই অনুষ্ঠানে শারীরিকভাবে অসুস্থ ঝালকাঠি পৌর বিএনপির সহ-সভাপতি মো. ফারুক সরদারসহ আরও চারজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
চেক বিতরণকালে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “জেলা পরিষদ সবসময় জেলার অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এসব সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছি।”
তিনি আরও বলেন, অতীতে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কর্মহীন মানুষের কর্মসংস্থানে সহায়তা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
সহায়তা গ্রহণকারীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্দিনে এ ধরনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগায়।
জেলা পরিষদের এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।