সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

কৃষকের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু বকশীগঞ্জে

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রয়েছে। এতে ফসল আবাদ ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে কৃষিকাজ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি যাতায়াত ও দৈনন্দিন জীবনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

এ পরিস্থিতিতে গত শনিবার জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর ২৪ ঘণ্টার মধ্যেই রোববার দলীয় নেতাকর্মীদের নিয়ে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার এবং কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন তিনি। এ সময় সাইফুল ইসলাম তালুকদার শাকিল নিজেও পানিতে নেমে পরিচ্ছন্নতা ও পানি প্রবাহ সচল করার কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। পানি নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত স্থায়ী সমাধান হলে কৃষিজমিতে আবারও চাষাবাদ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “কৃষকদের দুর্ভোগের কথা জেনে আমি সরেজমিনে এলাকা পরিদর্শন করেছি। আপাতত জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী সমাধানের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সম্পর্কিত আরো খবর