পাহাড়ের সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন পার্বত্য জেলার উদ্যোগে ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য অঞ্চলের কোনো প্রতিনিধি নেই। তিনি বলেন, “দ্বীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। সরকার জবাবদিহির বাইরে থাকায় এমন সিদ্ধান্ত নিতে পেরেছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাহাড় থেকেও সোচ্চার হওয়া প্রয়োজন।”

পাহাড়ের সংকট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবার সমান নাগরিক অধিকারের পক্ষে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। পাহাড়ের বঞ্চনার অবসান ঘটাতে হবে। সেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এসব সমস্যার সমাধানে পাহাড় থেকে সমতল—সর্বত্র জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, পাহাড়ের রাজনীতি, সমাজ ও অর্থনীতি অত্যন্ত জটিল এবং এর কোনো একরৈখিক সমাধান নেই। তিনি বলেন, “পাহাড়ের বিভিন্ন নৃগোষ্ঠী যেমন বঞ্চনার শিকার, তেমনি বাঙালিরাও নানা ধরনের বঞ্চনার মুখোমুখি। এই বিভাজনের সুযোগ নেয় বিদেশি শক্তি। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। জাতীয় উন্নয়ন ও সুষম বণ্টনের মাধ্যমে সবাই উপকৃত হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “পাহাড়ের দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের রাজনৈতিক সমাধান প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকেই এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। শুধু সামরিক পদ্ধতিতে দীর্ঘমেয়াদে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। সবাইকে মূলধারায় নিয়ে আসতে হবে এবং যারা বিভেদ উসকে দিয়ে সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭২ সালের সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে। আমরা মনে করি, সব ধরনের বিভাজন দূর করে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব থাকবে। পার্বত্য অঞ্চলকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করি, দীর্ঘ সময় পর পাহাড়ের মানুষ নতুন প্রজন্মের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।”

আলোচনা সভায় এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here