নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। জরুরি মেরামত শেষে বর্তমানে ভাঙা অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙা শনাক্ত হয়। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেন।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীরা রেললাইনের ভাঙা অংশ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করা হয়। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।
রেললাইন ভাঙার কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, সকালে রেললাইন ভাঙা শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। আপাতত ভাঙা অংশ দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়া যায়। এরপর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে গতি নিয়ন্ত্রিত থাকলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
এই বাংলা/এমএস