নাটোর শহরের মল্লিকহাটী এলাকায় নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ফজের আলী নামের এক ব্যক্তি মারা গেছেন। নিহত ফজের আলী জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়াছিনের বাবা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফজের আলী নিজ বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাঁরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে স্থানীয়দের সহায়তায় ফজের আলীকে ট্যাংক থেকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত ফজের আলীর সন্তান ইয়াছিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় শহীদ হন। সন্তানের শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের উপার্জনক্ষম অভিভাবকের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে মল্লিকহাটী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস