বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বস্তাবন্দি গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহে তদন্ত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত মলিনা রায় (৪৫) রতন রায়ের স্ত্রী। তিনি টিএনটি রোড এলাকার তপন হালদারের বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। রাতে ফিরে এসে তারা ঘরের ভেতর বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করার পর মরদেহ বস্তাবন্দি করে রেখে যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাতেই মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন, হত্যার কারণ নির্ণয় এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এ ঘটনায় টিএনটি রোড এলাকাসহ পুরো ঝালকাঠি শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর