সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ঋণের চাপে মানিকগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে কুব্বাত আলী বেপারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কুব্বাত আলী ওই গ্রামের মৃত পাহালি বেপারীর ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তার দুই ছেলে প্রবাসে থাকেন। বড় ছেলে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বিদেশে থাকলেও বাবাকে নিয়মিত আর্থিক সহায়তা করতেন না বলে স্থানীয়দের অভিযোগ। অপর ছেলেও বিদেশে গিয়ে প্রত্যাশিত আয় করতে পারছিলেন না। এর মধ্যে পারিবারিক আর্থিক সংকটের পাশাপাশি কয়েক লাখ টাকা সুদে নেওয়া ঋণের চাপ ছিল কুব্বাত আলীর ওপর।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বাজার থেকে বাড়িতে ফেরার পর কুব্বাত আলী নিজ শয়নকক্ষে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয় বাসিন্দা হাশেম বলেন, “কুব্বাত আলীর বড় ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে থাকলেও বাবাকে তেমন টাকা-পয়সা দিতেন না। আরেক ছেলেও দালালের মাধ্যমে বিদেশ গিয়ে ভালো আয় করতে পারেননি। এ কারণে কুব্বাত আলী ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।”

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক আর্থিক সংকট ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কুব্বাত আলী আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর