বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ডিমলায় ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজ, আতঙ্কে হাজারো মানুষ ও যানবাহন

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার আদর্শ বাজার–স্যামের ঘাট স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের চলাচলের অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন। স্থানীয়দের কাছে ব্রিজটি এখন যেন এক ‘মরণফাঁদ’।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ, ঠাকুরগঞ্জ, ডাঙ্গারহাট, সুন্দরখাতা, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই ও খগাখড়িবাড়ি এলাকার মানুষের চিলাহাটি রেল যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। প্রতিদিন এ পথে পথচারীর পাশাপাশি ইজিবাইক, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের চলাচলের অংশে বড় একটি গর্ত তৈরি হয়েছে। সেটি এড়িয়ে যানবাহন চলাচলের সময় চালকদের বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

ইজিবাইকচালক শুদেব রায় বলেন, “ব্রিজের গর্তে মাঝে মাঝে ইজিবাইক পড়ে যায়। এতে গাড়ির বিভিন্ন অংশ নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। দ্রুত গর্তটি সংস্কার করা দরকার।”

আদর্শ বাজার এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “ব্রিজটি এখন মরণফাঁদের মতো হয়ে গেছে। কখন দুর্ঘটনা ঘটে, তা নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এটি সংস্কার করা জরুরি।”

স্থানীয় সচেতন ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিক্ষক হামিদুল ইসলাম বলেন, “ব্রিজটির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার দায় এড়ানো কঠিন হবে।”

বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, এলাকাবাসীর যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য এলজিইডি অফিসের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর সংস্কার না হওয়ায় রক্ষণাবেক্ষণ ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।

ডিমলা উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান বলেন, “ব্রিজটি নতুন করে সংস্কারের জন্য কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন কার্যালয়ে কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে।”

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, “জনস্বার্থ বিবেচনায় বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর