সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এসব কর্মী এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ১২ জনকে আটক করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন জানান, মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।