এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৮ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে দেশের বিভিন্ন এলাকায় পূর্বনির্ধারিত আট দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করেছে সরকার।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিকল্পিত লোডশেডিং স্থগিত থাকবে। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়ে, সে লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি কেন্দ্রসংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালানো হবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, গ্রীষ্মকালীন অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত রাখা হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য জরুরি টিম প্রস্তুত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here