শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ ওষুধের দোকানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজারের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকদের জন্য বরাদ্দ স্যাম্পল ওষুধ মজুত রাখা এবং ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত রেফ্রিজারেটরের নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে পাঁচটি পৃথক মামলা দায়ের করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অভিযোগ দায়েরে সহযোগিতা করেন বগুড়া জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা জেসমিন বেগম। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ওষুধ বিক্রি ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।