নাগরপুরে হত্যা চেষ্টা মামলায় স্কুলশিক্ষকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ২২ জুলাই, ২০২৬
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে হত্যা চেষ্টা মামলায় মো. জহিরুল ইসলাম (৪৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এ আদেশ দেন।
জহিরুল ইসলাম উপজেলার ভাড়রা ইউনিয়নের শাখাইল গ্রামের মৃত সোরহাব হোসেন তালুকদারের ছেলে এবং শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১৭ মার্চ বিকেলে পূর্ব শত্রুতার জেরে জহিরুল ইসলামের নেতৃত্বে অ্যাডভোকেট মতিয়ার তালুকদার ও তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। পরে বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মোসারুল ইসলাম মুছা ভূঁইয়া বলেন, “জহিরুল ইসলাম দীর্ঘদিন আদালতের আদেশ এড়িয়ে পলাতক ছিলেন। বুধবার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।