অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবনে সরকারি চিকিৎসাসামগ্রী সংরক্ষণ এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রোববার (২৬ জুলাই) জারি করা হলেও সোমবার (২৭ জুলাই) বিকেলে বাগেরহাট স্বাস্থ্য বিভাগে পৌঁছায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবনে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণ এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার মতো গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা সরকারি চিকিৎসাসেবার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী বিভাগীয় কার্যধারা চলমান থাকায় ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহবুবুর রহমান বলেন, সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন তারা পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন। প্রায় দুই ঘণ্টার ওই পরিদর্শনে তিনি হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন কক্ষে সরকারি ওষুধ, স্যালাইন, সিরিঞ্জসহ চিকিৎসাসামগ্রী মজুত এবং শৌচাগারেও ওষুধ ও স্যালাইনের স্তূপ দেখতে পান। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় পরিচালককে নির্দেশ দেন।
এর পরদিন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি দল হাসপাতাল পরিদর্শন করে। একই দিন সন্ধ্যায় ডা. কামাল হোসেন মুফতির পরিচালিত ‘ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের ব্যক্তিগত ক্লিনিকও সিলগালা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।